চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রুবি গেট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে ২ নং গেটের পর রুবি গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত নারীর নাম ইয়াসমিন আরা। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম করোয়াঘোনার ফখরুল আনামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশায় করে মা ও মেয়ে জিইসি মোড় থেকে রুবি গেট হয়ে ফরেস্ট গেটের দিকে যাচ্ছিলেন। রুবি গেট থেকে রিকশা কিছু দূর যেতেই বালুবাহী ট্রাকের ধাক্কায় ইয়াসমিন আরা নামে ওই নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে যায়।
আহত নারীর স্বামী ফখরুল আনাম জানান, আমার স্ত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার পা দুটি থেঁতলে গেছে। সম্ভবত পা দুটি কেটে ফেলতে হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
তিনি বলেন, বায়েজিদ বোস্তামি থানাধীন রুবি গেট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






