চাটগাঁ নিউজ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘দ্রুত জামিন’ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার বিকালে তারা এই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রধান ফটকে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের জামিনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। স্পর্শকাতর মামলায়ও তাদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে।
তারা জানান, ১৭ বছরের বেশিরভাগ সময় বিএনপির নেতাকর্মীরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়েছে। তখন মানবাধিকার কোথায় ছিল? এখন এত মানবতা কোথা থেকে আসে? গুম-খুনসহ বিভিন্ন অপরাধের আসামি দ্রুত জামিন দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আদালত এলাকা ঘেরাও করা হবে।
কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘গুরুতর মামলার আসামিদের আমরা পুলিশে ধরিয়ে দেওয়ার কয়েকদিন পর দেখা যাচ্ছে জামিনে বেরিয়ে আসছে। পুলিশ নিজে থেকে কোনো কাজই করছে না।’
ঘেরাও কর্মসূচির বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তবে অল্প সময় তারা প্রধান গেটে অবস্থান করেছিলেন। পরে সরে গেছেন।’
চাটগাঁ নিউজ/এসএ





