চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী ও সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী ও এক ওমান প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাদিকুজ্জামান সানি (১৪) ও মোহাম্মদ রায়হান (৩২)। মো. সাদিকুজ্জামান সানি কর্ণফুলী উপজেলার বড় উঠান ৯ নম্বর ওয়ার্ড মৌলভী বাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। মোহাম্মদ রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। তিনি ওমান প্রবাসী।
জানা যায়, শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে সানি বাইসাইকেলে কোচিংয়ে যাওয়ার পথে বড় উঠান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ন ১১-২৭২৪) তাকে ধাক্কা দেয়। সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা হারানো সানি দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বড় ভাই প্রতিবন্ধী এবং মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত।
এদিকে, আমাদের ফটিকছড়ি প্রতিনিধির বরাতে জানা যায়, শুক্রবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক ওমান প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সীতাকুণ্ডে বেড়াতে যান রায়হান। শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফটিকছড়িতে ফেরার পথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এসএ





