চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিজ সন্তানের দায়ের কুপে প্রাণ হারালেন খলিলুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনার পর পালাতে গেলে এলাকাবাসী ঘাতক পুত্র মোহাম্মদ মিনারকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বলছে, অভিযুক্ত মোহাম্মদ মিনার একজন মাদকাসক্ত ব্যক্তি।
আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর আনুমানিক ২টার দিকে চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীরকুম বাজার (৬ নং ওয়ার্ড) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খলিলুর রহমান জুমার নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে ছেলে মোহাম্মদ মিনার তাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া, একাধিক স্থানে জখমের চিহ্ন দেখা যায় তার শরীরে।
নিহতের ৪র্থ সন্তান ছাদেক বলেন, আমার পিতা নামাজ শেষে ভাত খেতে আসার পথে ঘাতক ছোট ভাই মিনার আক্রমণ করে। আমি আমার বাবার খুনের বিচার চাই।
পরিবার সূত্রে জানা গেছে, বাবা খলিলুর রহমান মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় পরিবারের সদস্যদের অত্যাচার করার অভিযোগ দায়ের করেন। পরে সে অভিযোগের ভিত্তিতে কয়েক মাস কারাভোগ করেন মিনার। জামিনে মুক্তি পেয়ে তার বাবাকে আক্রমণ করে হত্যা করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মাদকাসক্ত মোহাম্মদ মিনারের পরিবারের অপর ভাইয়েরা পৃথকভাবে বসবাস করেন। ঘাতক ছেলে পুলিশ হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
চাটগাঁ নিউজ/জুবাইরুল /জেএইচ





