চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় সাত বছরের শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২০ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী জানান, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত সুজন দাশকে দণ্ড দিয়েছেন।
তিনি আরও বলেন, মামলাটি শুরুতে দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) বিচারাধীন থাকলেও আদালত পরবর্তীতে ঘটনাটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করেন।
মামলার নথি অনুযায়ী, নিহত টিটন দে তার মা সুমি দে’র সাথে চান্দগাঁও এলাকার সিএন্ডবি–বিএফআইডিসি সড়কের একটি বাসায় থাকতেন। সুমি দে একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন আত্মীয় সুজন দাশ ও তার পরিবার।
২০১৫ সালের ১১ জুলাই সুমি দে কাজে গেলে টিটনকে বাসায় নিয়ে যান সুজনের স্ত্রী। পরদিন ১২ জুলাই দুপুরে শিশুটিকে গোসল করানো নিয়ে সুজন দাশের সাথে সুমির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন দাশ শিশুটিকে মারধর করলে টিটন গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা সুমি দে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর আদালতে বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হলো।
চাটগাঁ নিউজ/জেএইচ





