চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বকেয়া বেতন ও শ্রমিকদের বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আজিম গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের কয়েক’শ শ্রমিক।

আজ শনিবার (২ মে) দুপুরে শুরু হয়ে ছয় ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবীরা।

সরেজমিনে দেখা যায়, গার্মেন্টস শ্রমিকরা নগরীর সিএন্ডবি চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কটির উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। কয়েক কিলোমিটারজুড়ে গাড়ি চলাচল স্থবির হয়ে পড়ে। অনেকে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকেন, আবার অনেককে গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে। তাদের মতে- কয়েক বছরের ওভারটাইম বিল, টিফিন ভাতা ও অন্যান্য সুবিধা এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও বকেয়া রয়েছে।

এসময় শ্রমিকরা দাবি করেন— প্রতি মাসের শুরুতে নিয়মিত বেতন পরিশোধ, বকেয়া পাওনা দ্রুত নিষ্পত্তি, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি এবং হাজিরা বোনাস চালু করার।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, গত বছরের কয়েক মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। চলতি বছরের কিছু মাসের আংশিক বেতন দিলেও সম্পূর্ণ পাওনা বুঝে পাননি তারা। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

নারী শ্রমিকরা জানান, মাতৃত্বকালীন ছুটি ও ভাতার বিষয়ে বছরের পর বছর শুধু আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি। ফলে তারা আর্থিক সংকটে পড়েছেন।

এদিকে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। জরুরি কাজে বের হওয়া অনেকেই দীর্ঘ সময় যানজটে আটকে থাকেন। রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পরিমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

অন্যদিকে শিল্প পুলিশের কর্মকর্তারা জানান, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতনসংক্রান্ত জটিলতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top