চট্টগ্রামে পয়োনিষ্কাশন উন্নয়ন প্রকল্পে ১১৪ কোটি টাকায় পরামর্শক নিয়োগ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট এলাকায় আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে চলমান একটি প্রকল্পে কারিগরি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৫০৮ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করলে কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে চট্টগ্রাম ওয়াসা।

প্রস্তাব অনুযায়ী, ‘চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন’ প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠান কারিগরি প্রস্তাব জমা দেয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

পরবর্তীতে প্রকল্প মূল্যায়ন কমিটির মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে আলোচনার ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়। এতে রয়েছে ফ্রান্সের সেফাজ (এসইউইজেড পরামর্শ) ও স্যুরেকা এবং বাংলাদেশের ডেভকনসাল্টস লিমিটেড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং ভিশনারি কনসোর্টিয়াম লিমিটেড।

প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি কর্তৃক ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি অনুমোদিত হয়। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান কাজের মধ্যে রয়েছে পয়োনিষ্কাশন নেটওয়ার্ক এবং অনসাইট স্যানিটেশন ব্যবস্থার নকশা প্রণয়ন, দরপত্র দলিল প্রস্তুত, ঠিকাদার নিয়োগে চট্টগ্রাম ওয়াসাকে সহায়তা, নির্মাণ কাজ তদারকি, পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।

এদিকে, বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের জন্য একটি ফার্ম-কে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ২৪০ জন সহায়ক (সাপোর্ট স্টাফ) নিয়োগের জন্য আউটসোর্সিং ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মোট ৭টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) সব ধাপের মূল্যায়ন সম্পন্ন করার পর সর্বনিম্ন দরদাতা হিসেবে মাসরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড-কে নির্বাচনের সুপারিশ করে। প্রতিষ্ঠানটিকে মোট ২৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৬৬ টাকায় আউটসোর্সিং ফার্ম হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন করেছে।

প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৩ সালের ৯ নভেম্বর অনুমোদন করে। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত। প্রকল্পের ব্যয় সরকারি তহবিল (জিওবি) ও বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে আসবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top