চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন দলটিরই এক সহসাংগঠনিক সম্পাদক।
বুধবার (২০ মে) চট্টগ্রাম আদালতের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার বাদী হুজ্জাতুল ইসলাম সাঈদ, যিনি এনসিপির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আবেদনে উল্লেখ করেছেন। তিনি নিজেকে একজন “জুলাই নেতা” হিসেবেও পরিচয় দেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করেছে।
বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে।
মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন এনসিপির ঘোষিত কমিটির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাত উল্লাহ আবির, জাতীয় ছাত্র শক্তির সংগঠক সাদিক আরমান, সাবেক যুগ্ম সদস্যসচিব সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হোসেনসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, সামাজিক মাধ্যমে করা পোস্টের স্ক্রিনশট, লিংক ও ডিজিটাল ট্রেইল আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
প্রসঙ্গত, গত ১৬ মে এনসিপি ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা আসামি, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ এনে ২২ নেতা পদত্যাগ করেন। মামলার বাদী হুজ্জাতুল ইসলাম সাঈদ তাদের একজন।
চাটগাঁ নিউজ/এমকেএন





