ক্ষতিপূরণে ১৬৬৮ কোটি ডলার দিচ্ছে সোশাল মিডিয়া জায়ান্ট মেটা
শিশুদের আসক্তি ও তথ্য চুরির মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক: শিশু-কিশোরদের জন্য ফেইসবুক ও ইনস্টাগ্রাম আরও নিরাপদ করতে বড় ধরনের পরিবর্তন আনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করা মামলার নিষ্পত্তিতে ১৬৬৮ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সোশাল মিডিয়া জায়ান্ট মেটা।

মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল, ফেইসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে নকশা করা হয়েছে, যাতে শিশুদের এসব প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে আটকে রাখার পাশাপাশি তাদের আসক্তি তৈরি হয়।

পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার এবং যথাযথ অনুমতি ছাড়াই শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার অভিযোগও রয়েছে এই সোশাল মিডিয়া কোম্পানির বিরুদ্ধে।

বুধবার আদালতে দাখিল করা নথির বরাতে রয়টার্স জানিয়েছে, এই আপসের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে চলমান মামলায় ২৯টি অঙ্গরাজ্যের অভিযোগের নিষ্পত্তি হবে ।

এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে শিশু ও কিশোরদের ক্ষতির অভিযোগ নিয়ে চলা ঐতিহাসিক এক মামলার সমাপ্তি ঘটল।

বিবিসি জানিয়েছে, এ সমঝোতার আওতায় কিশোর ব্যবহারকারীদের জন্য ফেইসবুক ও ইনস্টাগ্রামে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণের পাশাপাশি রাতে ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করবে মেটা।

স্কুল চলাকালে শিশুদের প্রবেশাধিকার সীমিত করা, অভিভাবকদের জন্য আরও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থাও জোরদার করা হবে।

মেটা এ মামলায় আপস করতে রাজি হলেও কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছে।

মেটার প্রধান আইন কর্মকর্তা সি জে মাহোনি পুরো সামাজিক যোগাযোগমাধ্যম শিল্পে শিশুদের জন্য একই ধরনের সুরক্ষা নিশ্চিত করতে ইউটিউব ও টিকটককেও এ ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স লিখেছে, মেটা যে ১৬৬৮ কোটি ডলার দিতে রাজি হয়েছে, তার একটি অংশ তরুণদের অনলাইন নিরাপত্তা উদ্যোগসহ অঙ্গরাজ্যগুলোর অন্যান্য অগ্রাধিকারে ব্যয় করা যাবে।

কলাম্বিয়া জেলার অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াব এই সমঝোতাকে শিশুদের নিরাপত্তার জন্য ‘বড় ধরনের সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, মেটাকে যেসব নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে, তাতে তরুণদের ইনস্টাগ্রাম ও ফেইসবুক ব্যবহারের ধরন দ্রুতই বদলে যাবে।

এদিকে এই আপস রফার খবরে মেটার শেয়ার দর সকালের লেনদেনে ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

কেমব্রিজ অ্যানালিটিকা মামলারও নিষ্পত্তি

বুধবার ঘোষিত এ সমঝোতার আওতায় যুক্তরাজ্যভিত্তিক কনসাল্টিং ফার্ম ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ কেলেঙ্কারি সংক্রান্ত প্রাইভেসি ভঙ্গের মামলারও নিষ্পত্তি হয়ে যাবে।

রয়টার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও ওয়াশিংটন ডিসির দায়ের করা ওই মামলায় মেটা ৪৫ কোটি ৯৩ লাখ ডলার দিতে রাজি হয়েছে।

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে ফেইসবুক থেকে লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছিল।

শিশুদের তথ্য সংগ্রহের বিষয়েও মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল। ২৯টি অঙ্গরাজ্যের অভিযোগের একটি অংশে বলা হয়, শিশু ব্যবহারকারীদের কাছ থেকে অভিভাবকের সম্মতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে মেটা।

এসব তথ্য মেশিন লার্নিং ও জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মেটা শুরু থেকেই দাবি করে আসছে, তাদের সেবা আসক্তিকর কি না, সে বিষয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগ ‘গ্রহণযোগ্য নয়’, কারণ ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি’ স্বীকৃত কোনো মানসিক রোগ নয়।

মানসিক স্বাস্থ্য সংকট

মেটার বিরুদ্ধে এই মামলাগুলো যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে চলা বৃহত্তর আইনি লড়াইয়ের অংশ।

মেটা ছাড়াও স্ন্যাপ, ইউটিউব ও টিকটকের বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে। এসব মামলায় অভিযোগ করা হচ্ছে, শিশু-কিশোরদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য এসব কোম্পানি জেনেশুনে এমন ফিচার তৈরি করেছে, যা তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটকে আরও তীব্র করছে।

টেনেসি অঙ্গরাজ্যের আনা এমনই এক মামলায় মেটার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে গেল মাসে।

এ বছরের শুরুতে নিউ মেক্সিকোতে দায়ের করা এক মামলায় মেটা দুই ধাপেই হেরে গেছে। গ্রাহকদের সুরক্ষার বিষয়ে বিভ্রান্ত করার অভিযোগে মার্চে জুরিরা মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

পরে ৬ অগাস্ট একজন বিচারক রায় দেন, মেটা একটি ‘পাবলিক নুইসেন্স’ বা জনস্বার্থবিরোধী পরিস্থিতি তৈরি করেছে। এর জন্য কোম্পানিকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার দেওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top