চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফসান বিন সবুর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আফসান বিন সবুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকার জোস পাড়ার আব্দুস সবুর ও মর্জিনা আক্তার পপির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান ছদাহা এলাকায় পৌঁছালে লোহাগাড়ামুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আফসান নিহত হয়। আহত হন তার বাবা আব্দুস সবুর ও মা মর্জিনা আক্তার পপি।
গুরুতর আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একজন শিশু নিহত হয়েছে।
দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





