চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার পাগড়ী প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণ ও নৈতিকতাবোধসম্পন্ন জাতি গঠনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আজকের আল-কোরআনের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নাসার বিজ্ঞানী হবে ইনশাআল্লাহ।
ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা করে নাজিম উদ্দিন এ্যানেল বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা ক্বারী জুবাইর হাছান শিক্ষার্থীদের সন্তানের মতো স্নেহ ও যত্ন নিয়ে গড়ে তুলছেন। এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যে ১৪ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে পাগড়ী গ্রহণ করছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে এ প্রতিষ্ঠান থেকে ১২০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তাদের অনেকেই পরবর্তীতে সাধারণ শিক্ষায় যুক্ত হয়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।
তিনি বলেন, আদর্শ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে একজন মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আর আদর্শ শিক্ষার্থী তৈরিতে ইদারাতুল কোরআন মডেল মাদ্রাসা আলোকিত প্রজন্ম গড়ার একটি বাতিঘর হিসেবে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আল-আজহারী। তিনি বলেন, ইদারাতুল কোরআন মডেল মাদ্রাসা নৈতিক শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা ক্বারী জুবাইর হাছান। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সিনিয়র সদস্য সাইফুদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের বিভাগীয় প্রধান ড. ইমরানুল হক, পাহাড়তলী ডিআরএম শাহী জামে মসজিদের খতিব আল্লামা হেলাল উদ্দিন রশিদী, মৌলভীর দোকান শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক, আব্দুল লতিফ শাহী জামে মসজিদ চট্টগ্রামের পেশ ইমাম আল্লামা ড. ওবায়দুল হক, আল রিসালাহ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি হুমায়ুন কবির, ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের সেক্রেটারি হাফেজ মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের বিভাগীয় মিডিয়া সম্পাদক হাফেজ আরশাদ আল কাসেম।
এছাড়া অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদুল হুফফাজ আল্লামা হাফেজ আব্দুস সফুর। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সংগঠক এম এইচ আর হারুন, সংগঠক আবু নাসের সাহেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিন, শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, আরবি বিভাগের প্রধান হাফেজ মাওলানা আক্তারুল আলম, মাস্টার সারাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার ১৪ জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





