কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে চট্টগ্রামের জয়

কক্সবাজার প্রতিনিধি: ২৮তম ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল)’র রাউন্ড পর্যায়ের খেলায় চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার খেলায় এক ইনিংস ও ১ রানে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। টুর্নামেন্টে ১৪৯ রান করে ম্যাচ সেরা হন সাদিকুর রহমান।

জাতীয় ক্রিকেট লীগের চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ৪ দিনের এই লংগার ভার্সনের প্রথম দিনে টসে জিতে ব্যাট করে বরিশাল বিভাগ। তারা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। বরিশালের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মঈন খান।

চট্টগ্রামের প্রথম ইনিংসে ৫৭৬ রানের বড় সংগ্রহ করে। দলের হয়ে সাদিকুর রহমান, শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুর তিনজনই সেঞ্চুরি করেন। চট্টগ্রামের বিশাল সংগ্রহ তাড়া করতে গিয়ে বরিশাল তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে, এতে দলটির দুই ইনিংসে মোট রান সংগ্রহ হয় ৫৭৫। ফলে চট্টগ্রাম তাদের এক ইনিংস হাতে রেখেই এক রানের জয় পায়।

ম্যাচ শেষে বিজয়ী দল ও ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কক্সবাজার কাউন্সিলর অধ্যাপক জসীম উদ্দীন, এসময় ম্যাচ রেফারি, বিসিবির প্রতিনিধি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে খেলাটি গত ১০ অক্টোবর শুরু হয়ে শেষ হয় ১৩ অক্টোবর।  আগামী ১৭ অক্টোবর একই ভেনুতে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের খেলা শুরু হবে যা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

চাটগাঁ নিউজ/ওশান/জেএইচ

Scroll to Top