এনসিটি ইজারা নিয়ে জাতীয় সংলাপের আহ্বান শ্রমিক নেতাদের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়া হলে দেশের কী ধরনের সুফল বা ক্ষতি হতে পারে, তা জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একই সঙ্গে বিষয়টি নিয়ে সরকারের উদ্যোগে জাতীয় পর্যায়ে সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা।

আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। এ বন্দরের কার্যক্রমের সঙ্গে জাতীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থ জড়িত। ফলে বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তারা বলেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে এর মাধ্যমে দেশের কী লাভ হবে, সরকারকে জনগণের কাছে তা ব্যাখ্যা করতে হবে। একইভাবে সম্ভাব্য ক্ষতির বিষয়গুলোও খোলাসা করা দরকার। এ নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে সরকারকেই এ বিষয়ে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানান তারা।

বক্তারা আগামী ৫ অক্টোবরের অবস্থান কর্মসূচিতে জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান তারা। তবে শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি পালনের কথাও সভায় উল্লেখ করা হয়।

সভায় আরও বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ-সম্পাদক ইব্রাহীম ফরাজি, বিএফটিইউসির সভাপতি আনোয়ারুল হক হুনি, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, বন্দর উইঞ্চ ক্রেন অপারেটর সমিতির নেতা ইমাম হোসেন স্বপনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

এছাড়া সভায় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, কমিউনিটি সেন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের সদস্যসচিব হাসিবুর রহমান বিপ্লব, লুৎফুন্নাহার সোনিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির ও ইমান আলী জানুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে আয়োজিত দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের শ্রমিক, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top