চাটগাঁ নিউজ ডেস্ক : আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক করে দেব। আমার ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের শিশু পার্ক নতুনভাবে চালু করেছি। জাম্বুরি মাঠের একটা অংশ আমরা খেলার জন্য উপযোগী করে প্রস্তুত করেছি। মাঠের অল্প কিছু কাজ বাকি আছে। আশা করছি আগামী মাসের মধ্যে মাঠটি খেলার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেব।
রোববার (২০ সেপ্টেম্বর) আগ্রাবাদ জাম্বুরি পার্ক মাঠের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শনকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, আগ্রাবাদ জাম্বুরি পার্কের মাঠটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও বিভিন্ন কারণে শিশু-কিশোরদের জন্য কার্যত অনুপযোগী হয়ে পড়েছিল। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মাঠটি পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মেয়র বলেন, একসময় এই মাঠে শিশু-কিশোররা খেলাধুলা করতে পারত না। মাঠটি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। আমরা উদ্যোগ নিয়ে মাঠটি পুনরুদ্ধার করেছি এবং যেহেতু এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন, তাই নগরবাসীর জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এখানে শিশু, কিশোর, তরুণসহ সব বয়সের মানুষ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে। পাশাপাশি, মাঠটিকে সুরক্ষিত রাখার জন্য সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী ও আলোকায়নের ব্যবস্থা করা হচ্ছে। মাঠটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সংরক্ষণের জন্য ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। এই কমিটি মাঠের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে।
মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরুপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ (বি ব্লক সংলগ্ন), হালিশহর বিডিআর মাঠসহ বেশ কিছু মাঠ উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে। এখন হালিশহর শিশু পার্ক মাঠ এবং হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠের উন্নয়ন কাজ চলছে। ভবিষ্যতে আরো অনেক মাঠ গড়ে তোলার ব্যাপারে কাজ চলছে। ২০টি ফুটসাল নির্মাণে ৪৯ কোটি টাকায় ‘চট্টগ্রাম মহানগরে আধুনিক নগর ক্রীড়া সুবিধা সম্প্রসারণ ও ফুটসাল মাঠ নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পও নিয়েছি আমরা।
ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের বিকল্প নেই, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকাসক্তি, সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ






