চাটগাঁ নিউজ ডেস্ক: ঋণখেলাপি সংক্রান্ত মামলায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ গ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন মামলার শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যাংক ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত। ফলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের স্থগিতাদেশের কারণে ফলাফল প্রকাশ এবং শপথ গ্রহণের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ছিল। সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার শপথ গ্রহণের পথ বন্ধ হয়ে গেল।
চাটগাঁ নিউজ/এমকেএন





