চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে অর্ধশতাধিক নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ফেসবুকে ভিডিওটি প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। এতে ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিসংবলিত একটি ব্যানার সামনে রেখে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল করছেন। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২৭ আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছে।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের কালাবিবির দিঘীর মোড় এলাকায় মিছিলটি বের করা হয়। অল্প সময়ের মধ্যেই ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে স্লোগান দিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত বিভিন্ন দিকে সরে যান। ফলে মিছিলটি ঝটিকা আকারেই শেষ হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে ঘটনাটি ঠিক কতক্ষণ আগে এবং সুনির্দিষ্ট কোন স্থানে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এতে জড়িতদের শনাক্তে খোঁজখবর নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





