বিনোদন ডেস্ক: যশোর জেলায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।
এ ঘটনায় জড়িত না দাবি করে মোটর গ্যারেজ মালিক হৃদয় জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে।
এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






