চাটগাঁ নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন; কেউ কেউ পরিচয় গোপন রেখে বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি তৈরি এবং পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে। তবে সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই পদক্ষেপ নিচ্ছে।
তিনি জানান, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুল থাকা দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অসন্তোষের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তাই বিষয়টি নিয়ে নতুন করে মন্তব্য করার প্রয়োজন নেই।
আন্দোলনের ব্যাপ্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকটি জেলা এবং রাজধানীর সীমিত কিছু এলাকায় এ কর্মসূচি দেখা গেছে। গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচিত হয়েছে বলে তাঁর মন্তব্য।
সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগের প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দাবিতে সচিবালয়মুখী আন্দোলন, পরীক্ষা স্থগিত কিংবা বিনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই প্রবণতার কিছু প্রভাব এখনো দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার কোনোভাবেই শিক্ষার মানের সঙ্গে আপস করতে চায় না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার নীতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব উদ্যোগ শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করেছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
সাম্প্রতিক আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি-ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির প্রসঙ্গে তিনি বলেন, এসব অপপ্রচার ও ভুল তথ্যের অংশ। প্রকৃত ঘটনা সবার সামনে রয়েছে, তাই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।
চাটগাঁ নিউজ/এমকেএন






