রাতের আঁধারে দুই সরকারি অফিসে তিনটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে সরকারি অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিস এবং চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা সদৃশবস্তু ছুঁড়ে মারা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তেমন ক্ষয়ক্ষতিও হয়নি।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ষোলশহর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বোতলে কেরোসিন ভরে সাদা পলিস্টার জাতীয় ব্যাগের অংশ দিয়ে লাল রঙের টেপে মুখ বন্ধ করে ছুঁড়ে মারা হয়। মূলত আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এই ধরনের অপকর্ম ঘটানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ষোলশহর এলাকায় দুটি সরকারি অফিসকে লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। কিন্তু ছুঁড়ে মারার পর এলজিইডি অফিসের সামনে পড়ার পর পেট্রোল বোমাগুলো ভেঙে পড়ায় আগুন ধরেনি। তবে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমা ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইওভার থেকে কোনো মোটরসাইকেল কিংবা গাড়িতে করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top