উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে আটক জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতভিটার মাটি খনন করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
৮ এপিবিএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুলিশের একটি দল ক্যাম্পের বিভিন্ন ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক অবস্থায় জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একপর্যায়ে একটি মাটির ভিটা শনাক্ত করা হয়। জুবায়ের জানায়, কয়েক মাস আগে ওই স্থানে গর্ত করে অস্ত্র ও গুলি মাটির নিচে পুঁতে রেখেছিল সে।
পরে স্থানীয়দের উপস্থিতিতে মাটি খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ৮ এপিবিএনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এসএ






