চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জাকির হোসেন প্রকাশ ওরফে বাচা মিয়া (৪৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে নগরের হালিশহর থানার কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭ জানায়, হালিশহর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাকির হোসেন কবির ম্যানশন আবাসিক এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাকির হোসেন হালিশহরের সুন্দরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে হালিশহর থানায় ৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর সংশোধিত ৯(১) ধারায় মামলা হয়েছে।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






