হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭১

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় তিনজন, খুলনায় দুজন এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে একজন করে রয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু।

একই সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ১৭১ শিশুর মধ্যে ১৯৭ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৭৪ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। সব মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৪২ জনে।

চিকিৎসা সংক্রান্ত তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৪ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top