বান্দরবান প্রতিনিধি: ‘আমাদের দেশে শাসক বদলায়, কিন্তু শাসন বদলায় না। যে সরকার যায়, তাদের আমলে যেমন চাঁদাবাজি থাকে, নতুন সরকার এলেও তা আরও বেড়ে যায়। চাঁদাবাজির নানা সংস্কৃতি আমরা দেখেছি। একজন মানুষের সংবেদনশীল স্থানে চাপ দিয়ে ব্যাংকের চেকের ওপর স্বাক্ষর নেওয়ার ঘটনাও ঘটছে।’
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ হলরুমে পাহাড়ধসে শিশুসহ পাঁচজন নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে নিহত দুই পরিবারের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে পরিবার প্রতি ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমির এস. এম. আব্দুস সালাম আজাদ, নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ পাহাড়ধসে নিহত পাঁচজনের কবর জিয়ারত করেন।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন






