পাহাড় কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে জিরো টলারেন্স: এমপি সাচিংপ্রু জেরী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণের প্রশ্নে তিনি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন এবং পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

শনিবার (১১ জুলাই) দুপুরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড়ধসে শিশুসহ পাঁচজন নিহত হওয়া দুই পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

সাচিংপ্রু জেরী বলেন, পরিবেশ রক্ষার বিষয়ে আমরা খুবই আন্তরিক। পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করছি। তবে সমতল এলাকার তুলনায় পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন। তাই বিষয়গুলো বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাধান করতে হবে।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে তিনি আজিজনগরে এসেছেন। প্রাথমিকভাবে নিহত দুই পরিবারের প্রত্যেককে ঘরবাড়ি মেরামতের জন্য ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ ছাড়া পাহাড়ধসে গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন আজিজনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা আক্তারকে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

সাংসদ সাচিংপ্রু জেরী বলেন, আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পুনর্বাসন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার বিষয়েও আমরা কাজ করব।

পরে তিনি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা ভবন পরিদর্শন করেন। এ সময় ভবনটি সুরক্ষায় প্রয়োজনীয় গাইড ওয়াল নির্মাণের আশ্বাস দেন তিনি।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top