বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ এবং জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এছাড়া পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন আজিজনগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) রেহেনা আক্তারকে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা অনুদান দেন তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে সাংসদ সাচিংপ্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ আমি এখানে এসেছি। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





