রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ডিঙ্গি নৌকা ডুবে মো. সোলেমান (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সোলেমানের ফুফাতো ভাই মোহাম্মদ হাবীব জানান, সকালে সোলেমান ও তাঁর বড় ভাই আব্দুল হালিম (৩০) একটি ডিঙ্গি নৌকায় করে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে নৌকাটি হঠাৎ উল্টে যায়। এতে দুই ভাই পানিতে পড়ে যান।
পরে আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা দ্রুত আব্দুল হালিমকে উদ্ধার করতে সক্ষম হলেও সোলেমান মুহূর্তের মধ্যেই প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন।
নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া আব্দুল হালিম পূর্ব সরফভাটা এলাকার লোকমান মিস্ত্রীর বাড়ির বাসিন্দা বদিউল আলমের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নিখোঁজ যুবককে উদ্ধারে একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দিচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





