ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চাটগাঁ নিউজ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তিনি এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।

এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ প্রমুখ।

এ সময় চমেক হাসপাতালের আশপাশের দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। হাসপাতালের সামনে থাকা দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের মধ্যেও এসব প্রচারপত্র বিতরণ করা হয়।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। চট্টগ্রামে পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহার করায় ঢাকার তুলনায় সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কম। ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, প্রতিটি শয্যায় মশারির ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধের মজুত রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top