বাঙ্গালহালিয়ায় পানিতে তলিয়ে মারা গেল দেড় হাজার মুরগি, ক্ষতি ৫ লাখ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: টানা বর্ষণে প্লাবিত হয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ায় অবস্থিত সাদেক পোল্ট্রি ফার্মে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। খামারের প্রায় ১ কেজি ২০০ গ্রাম ওজনের দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে মারা গেছে। এতে তরুণ উদ্যোক্তা সাদেকের প্রায় ৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

খামারের মালিক সাদেক জানান, শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি প্রবল স্রোতে তার পোল্ট্রি খামারে ঢুকে পড়ে। রাত প্রায় ১টার দিকে তিনি খামারে পৌঁছে মুরগিগুলো রক্ষার চেষ্টা করলেও একটি মুরগিও বাঁচাতে পারেননি।

তিনি আরও বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার আশায় পোল্ট্রি খামার গড়ে তুলেছিলেন। কিন্তু একদিকে টানা বৃষ্টিতে বসতঘর পানিতে তলিয়ে পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছেন, অন্যদিকে খামারের সব মুরগি মারা যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। সরকারি সহায়তা ছাড়া আবার ঘুরে দাঁড়ানো তার পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।

এদিকে ক্ষয়ক্ষতির খবর পেয়ে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত খামারটি ঘুরে দেখে খামারির সঙ্গে কথা বলেন।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top