চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবে নিখোঁজ কিশোরীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবে নিখোঁজ হওয়া কিশোরীর সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ ২ ঘণ্টা নিখোঁজ থাকার পর হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তার দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে বেলা ১২টার দিকে নৌকা ডুবে নিখোঁজ হয়েছিল ওই কিশোরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে বন্যার পানিতে প্লাবিত বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় রওনা দেন আব্দুল মালেক। রসুলাবাদ এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের মধ্যে নৌকাটি উল্টে যায়। এতে ঝর্ণাসহ তার তিন কন্যা পানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় ঝর্ণার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঝর্ণা নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। তাদের সহায়তায় দুপুরে ঝর্ণার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক পানির নিচে থাকায় মানুষ নৌকায় চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top