চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। তাদের মধ্যে স্ত্রী শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত লাল মিয়ার সন্তান বলে জানা গেছে।
নিহতের ছোট ভাই জালিল মিয়া বলেন, ‘বর্ষার কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবেশী ফজর আলী নিয়মিত তাদের বাড়ির বারান্দায় একটি অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। চার্জ শেষ হওয়ার পর মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে তিনি চলে যান। শুক্রবার দুপুরে আব্দুল মালেক মাল্টিপ্লাগটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলমও (৩৫) বিদ্যুতায়িত হন।

স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহেরা খাতুন ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ উদ্দিন জানান, আহত শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





