উখিয়ায় দুই বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে দুটি বড় আকৃতির বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া প্রতিটি অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি।

বন বিভাগ জানায়, বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও একটি অজগর উদ্ধার করেন।

উদ্ধারের পর দুটি অজগরই সুস্থ ছিল। পরে বুধবার দুপুরে উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে সেগুলো অবমুক্ত করা হয়।

দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর দুটি উদ্ধার করেন। উদ্ধার করা সাপগুলো সুস্থ থাকায় নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন বিভাগ নিয়মিত বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানাই।

বন বিভাগের মতে, বর্ষা মৌসুমে খাবারের সন্ধানে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী নিরাপদে উদ্ধার ও সংরক্ষণে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top