রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে কালভার্ট বিচ্ছিন্ন, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবনগর এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে প্রধান সড়কের একটি কালভার্ট দুই পাশের সংযোগ সড়ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাহেবনগর সড়কের ‘বেল্লাতল’ খালের ওপর নির্মিত জরাজীর্ণ কালভার্টটি বর্তমানে চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা কালভার্টটির দুই পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন জানান, সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন প্রায় ৫ থেকে ১০ হাজার মানুষ এই পথে চলাচল করেন। সড়কটি একদিকে সাদেক শাহ মাজার হয়ে রাঙামাটি প্রধান সড়কের সঙ্গে এবং অন্যদিকে খতিবনগর ও রুইস্যাবিলি হয়ে পার্বত্য এলাকার ঘাগড়া সংযোগ সড়কের সঙ্গে যুক্ত।

তিনি আরও জানান, কালভার্টটির ঢালাই অনেক আগেই খসে পড়ে রড বেরিয়ে এসেছিল এবং মূল কাঠামোতে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছিল। এবারের পাহাড়ি ঢলে দুই পাশের মাটি ধসে যাওয়ায় কালভার্টটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। কালভার্টটি সম্পূর্ণ ভেঙে পড়লে রাঙামাটার সঙ্গে এ অঞ্চলের হাজারো মানুষের অন্যতম বিকল্প যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে।

এ অবস্থায় দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

এদিকে পাহাড়ি ঢলের আকস্মিক তাণ্ডবে সাহেবনগর এলাকার মৎস্যচাষি ও কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢলের পানিতে বহু মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। একই সঙ্গে বিঘার পর বিঘা ফসলি জমি তলিয়ে গিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ছাড়া খালের তীব্র স্রোতে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এলাকার বিভিন্ন সড়ক কর্দমাক্ত হয়ে পড়ায় মানুষের স্বাভাবিক চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে। বৃষ্টিপাত কমে পরিস্থিতি স্বাভাবিক হলে স্থায়ীভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top