২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি

চাটগাঁ নিউজ ডেস্ক: টানা বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীতে ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি ধীর হয়ে যায়। কর্মস্থলগামী মানুষকে দীর্ঘ সময় যানজট ও জলাবদ্ধতার মধ্যে চলাচল করতে হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে নগরের নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও পাহাড়ের পাদদেশে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top