‌‌‘গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার’

চাটগাঁ নিউজ ডেস্ক : গণমাধ্যমের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণমাধ্যম কমিশন করতে যাচ্ছে সরকার। গণমাধ্যম সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এ কমিশন গঠিত হবে। এ কমিশন স্বাধীন গণমাধ্যমের স্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করবে বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামে কয়েকটি দৈনিক পত্রিকার ব্যুরো অফিস পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবদাল আহমদ বলেন, অপতথ্য ও গুজব এখন স্বাধীন সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ। পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী নানা মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচারের মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের কাছে তোষামোদ নয়, দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম অতীতের স্বৈরাচারী শাসনামলের ধারা অনুসরণের চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত শক্তির পক্ষে বিভ্রান্তিকর বয়ান তৈরির অপচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এর আগে বান্দরবানে তথ্য অধিদপ্তর আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ মতবিনিময় সভায় যোগ দেন প্রধান তথ্য কর্মকর্তা। সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সহকারী সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া আরিফ ও সাংবাদিক মজুমদার নাজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top