মহেশখালী টমটমের চাপায় ৪ বছরের শিশু নিহত, চালক আটক

মহেশখালী প্রতিনিধি : মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) গাড়ির চাপায় সোহাইবা নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল বাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা টমটমচালককে আটক করে পুলিশকে খবর দেন।

নিহত সোহাইবা মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজপাড়া এলাকার মাওলানা সাইফুল ইসলামের মেয়ে।

মাতারবাড়ীর পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোজাহার শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হাসপাতালে চিকিৎসা শেষে মা ও মেয়ে একটি টমটমে করে বাড়ি ফিরছিল। বাড়ির পাশের সড়কে পৌঁছে গাড়ি থেকে নামার সময় দ্রুতগতিতে আসা অন্য একটি টমটম শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতরভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চার বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা সংশ্লিষ্ট টমটমচালককে আটক করেন এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও গাড়িটি নিজেদের হেফাজতে নেয়।

চাটগাঁ নিউজ/হোবাইব/এসএ

Scroll to Top