ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে আগামী রোববার ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে মাঠে নামবেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ম্যাচের আগে তার তিন দিনের কর্মসূচিও প্রকাশ করেছে ক্লাবটি।
রাভেন্না জানিয়েছে, আগামীকাল শুক্রবার দুপুরের দিকে ইতালিতে পৌঁছাবেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। বিকেলে দলের বাইরে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি। শনিবার সকালে স্টাদিও বেনেল্লিতে মূল দলের সঙ্গে শেষ অনুশীলনে অংশ নেবেন। এরপর রোববার ফোরলির বিপক্ষে ম্যাচের জন্য কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির বিবেচনায় থাকবেন তিনি।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় স্টাদিও বেনেল্লিতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কোচ মান্দোরলিনি ও খেলোয়াড় সিমোনে রাব্বি। শনিবার সকাল ১১টায় হবে দলের শেষ অনুশীলন। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অনুশীলনের প্রথম ১৫ মিনিট দেখতে পারবেন, বাকি সময় অনুশীলন হবে রুদ্ধদ্বার।
রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে রাভেন্না-ফোরলি ম্যাচ। ইতালির সিরি ‘সি’র এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্কাই ও নাউ।
২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। রাভেন্নার হয়ে ফিরতে যাচ্ছেন ১১ বছরের বেশি সময় পর। পেশাদার ক্যারিয়ারে তার গোলসংখ্যা ২৯৯; প্রত্যাবর্তনের ম্যাচে ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ারও সুযোগ আছে তার।
চাটগাঁ নিউজ/জেএইচ






