চাটগাঁ নিউজ ডেস্ক : জেলা পরিষদের মালিকানাধীন জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকার অবৈধ বালুমহালে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে জেলা পরিষদের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বালুমহলের কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক। এসময় তিনি সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন।
পাশাপাশি, উদ্ধারকৃত জমি পুনর্দখল রোধে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণেরও নির্দেশ দেন তিনি।
উচ্ছেদ ও পরিদর্শন অভিযানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদোয়ানুল ইসলাম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এবং চট্টগ্রাম জেলা পরিষদের উচ্চমান সহকারী আনোয়ার হোসেন উল্লেখযোগ্য।
অভিযান শেষে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় জেলা পরিষদের বেদখল হওয়া সব জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ






