চাটগাঁ নিউজ ডেস্ক: স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক।
শনিবার (৪ জুলাই) ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
ওমর ফারুক জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা গ্রহণের পর ওমর ফারুক বলেন, এই সম্মাননা শুধু তাঁর একার নয়; এটি জুলাই আন্দোলনের সব শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি উৎসর্গ করা। তিনি বলেন, দলমত নির্বিশেষে একটি সাম্যভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন ওমর ফারুক। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় তিনি গুরুতর গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তীব্র প্রতিকূলতা ও জীবনের ঝুঁকি উপেক্ষা করে রাজপথে সম্মুখসারিতে থেকে আন্দোলনে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





