চাটগাঁ নিউজ ডেস্ক : সাতকানিয়ায় টার্ফে ফুটবল খেলতে গিয়ে গোলবার ভেঙে পড়ে গুরুতর আহত তৃতীয় শ্রেণির স্কুলছাত্র মোহাম্মদ এনায়েত উল্লাহ চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানা যায়, গত শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি টার্ফ মাঠে ফুটবল খেলা দেখতে যায় এনায়েত। এ সময় সে লোহার গোলবারে ঝুলে খেলছিল। হঠাৎ গোলবারটির একটি অংশ ভেঙে তার মাথার ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সানা উল্লাহ জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






