ডেঙ্গুতে চট্টগ্রামে এক নারীর মৃত্যু, আক্রান্ত ৭৮

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া খালেদা বেগম (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো। এরমধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান সই করা প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরীর বেসরকারি একটি হাসপাতালে খালেদা বেগম নামের এক নারী মারা গেছেন। চট্টগ্রামে চলতি বছর ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ২ হাজার ১৮৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে মোট ৬ জনের। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন চিকিৎসাধীন আছে। অন্যরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা যায়, মোট ডেঙ্গু রোগীর মধ্যে সবশেষ গত আগস্ট মাসে ভর্তি ছিল মোট ১ হাজার ২০২ জন। যা মাসভিত্তিক হিসেবে চলতি বছর সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের শুরুতে যেভাবে ডেঙ্গু রোগী বেড়েছে তাতে গত মাসের আক্রান্তের চেয়ে চলতি মাসে অনেক বেশি হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত মোট রোগী ২ হাজার ১৮৬ জন। এরমধ্যে নগরে ৯৩৬ জন ও জেলায় ৯৫৫ জন এবং চট্টগ্রামের বাহির থেকে আসা রোগী ২৯৫ জন। মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ১৫১ জন, নারী ৬০২ জন ও শিশু ৪৩৩ জন।

এ পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তিকৃত রোগীর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৮৭ জন। আর মোট রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৮৪৭ জন ও বেসরকারি হাসপাতালে ৩৩৯ জন ভর্তি হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top