চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে। তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিক তথ্যমতে, ফরেস্ট গেইট এলাকায় হাঁটার সময় পেছন থেকে আজাদকে গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
তবে কেন কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর আজাদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন- ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তি এবং হত্যার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে নিহতের ভাই মো. সাজ্জাদ জানান, দুপুর ১টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আজাদ। দুপুর ১টা ৫০ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তাকে স্থানীয় গুল্লি বাবু নামে এক ব্যক্তি কাজের কথা বলে ডেকে নিয়ে যায়।
তিনি দাবি করেন, পরে গুল্লি বাবুই ফোন করে জানান- আজাদকে সামারহিল এলাকায় গুলি করা হয়েছে এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে। হাসপাতালে গিয়ে দেখি, আমার ভাইয়ের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় হত্যাকারীদের বিচার চাই।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নুরুল আফসার জানান, গুল্লি বাবু ও নিহত আজাদ সম্পর্কে মামা-ভাগিনা। ঘটনার সময় তারা হৃদয় নামে আরও এক ব্যক্তিকে নিয়ে একটি কক্ষে ছিলেন এবং সেখানে তারা ইয়াবা সেবনের জন্য গিয়েছিলেন।
ঘটনাস্থলটি একটি কক্ষ হওয়ায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ





