চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হলো নতুন একটি থানা—‘হালদা’। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে এই থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এছাড়া ‘উত্তর ফটিকছড়ি’ নামে নতুন একটি উপজেলারও অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নতুন উপজেলা ও থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো ‘হালদা’ থানার অনুমোদন। দীর্ঘদিন ধরে জনসংখ্যা বৃদ্ধি, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং প্রশাসনিক কার্যক্রমের চাপের কারণে হাটহাজারী থানাকে বিভক্ত করার দাবি ছিল স্থানীয়দের।
সেই প্রেক্ষাপটেই নতুন এই থানার অনুমোদনকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
একই বৈঠকে তিনটি নতুন উপজেলারও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা।
কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে তৈরি হচ্ছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে নতুন ‘পাগলা’ উপজেলা।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক সীমা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতায় আনা হবে।
প্রশাসনিক বিশ্লেষকদের মতে, নতুন থানা ও উপজেলা গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য আইনশৃঙ্খলা, ভূমি, রাজস্ব, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সেবা আরও সহজলভ্য হবে।
বিশেষ করে চট্টগ্রামের নতুন ‘হালদা’ থানা প্রশাসনিক কার্যক্রমে গতি আনার পাশাপাশি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ করবে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং জনবল নিয়োগসহ পরবর্তী কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





