চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ দেশের সব শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীন ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী রয়েছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। জেলায় মোট পরীক্ষার্থী ৭০ হাজার ৯৭৪ জন, যার মধ্যে চট্টগ্রাম মহানগরেই রয়েছে ৩৬ হাজার ৬৮৩ জন। এছাড়া কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৬৮টি, মহানগরে ২৬টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে ৮টি কেন্দ্র।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের সব কেন্দ্রের চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এ সময় অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন বা ব্যবহার, মিছিল-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ থাকবে। প্রশ্নপত্র ফাঁস ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান ও ফটোকপি মেশিনও পরীক্ষাকালীন সময়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। সিএমপি জানিয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিটি দিন এসব নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





