ঘুষ-তদবির ছাড়াই পুলিশের চাকরি, উচ্ছ্বসিত রাঙ্গুনিয়ার ১৪ তরুণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক এবং ঘুষ-তদবিরমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৪ জন মেধাবী তরুণ। তাঁদের এই সাফল্যে উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গতকাল রাঙ্গুনিয়া মডেল থানা এলাকার আটজন তরুণ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। যোগদানের পর রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পেশাগত জীবনের সফলতা কামনা করেন।

এর ধারাবাহিকতায় আজ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকার আরও ছয়জন মেধাবী তরুণ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। দুই থানা মিলিয়ে এবার রাঙ্গুনিয়া উপজেলার মোট ১৪ জন কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন।

নবনিযুক্ত এসব তরুণ সম্পূর্ণ নিজস্ব মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের ঘুষ, আর্থিক লেনদেন বা তদবির ছাড়াই চাকরি অর্জন করেছেন। পুলিশের বর্তমান স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মেধার ভিত্তিতে চাকরি পেয়ে আবেগাপ্লুত নবনিযুক্ত কনস্টেবলরা জানান, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চান তাঁরা।

রাঙ্গুনিয়ার ১৪ তরুণের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উপজেলার সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে তাঁরা সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাই স্থানীয়দের।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top