বুধবার দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশব্যাপী বার্ষিক মজুদ যাচাই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১ জুলাই) একদিনের জন্য সব তেলের ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের স্বার্থে জেট-এ১ জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিপিসির আওতাধীন বিভিন্ন তেল বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম বুধবার পরিচালিত হবে। এ কারণে ওই দিন দেশের সব ডিপো ও প্রধান স্থাপনা থেকে সাধারণ জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন এড়াতে সংশ্লিষ্ট ডিপোগুলোকে জেট-এ১ সংরক্ষণ ট্যাংকের মজুদ যাচাই দ্রুত শেষ করে বিমানে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিসি জানিয়েছে, বার্ষিক সমাপনী মজুদ যাচাই কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই একদিনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top