হাটহাজারীতে বিদেশি রিভলভারসহ ৪ যুবক আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে একটি বিদেশি রিভলভার ও পাঁচটি লম্বা দাসহ চার যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন— নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং একই এলাকার মো. হাসান মুরাদ (১৮)।

স্থানীয়দের দাবি, আটক চারজন দীর্ঘদিন ধরে হাটহাজারী ও আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচটি লম্বা দা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল জানান, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top