মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চসিক।

চসিক সূত্রে জানা গেছে, ০১৮২৯-৬১৪৬৩২ নম্বর থেকে মেয়রের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ফোন করা হচ্ছে। ফোনে নানা কাজের কথা বলে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়র বা চসিকের কোনো কর্মকর্তা ফোনকলের মাধ্যমে অর্থ, অনুদান, চাঁদা কিংবা অন্য কোনো আর্থিক লেনদেনের অনুরোধ করেন না। তাই এ ধরনের ফোনকল পেলে কেউ যেন অর্থ লেনদেন না করেন এবং ব্যক্তিগত বা ব্যাংকিং সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করেন।

চসিকের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতারণার এমন কোনো চেষ্টা নজরে এলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

এদিকে সন্দ্বীপের গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. আশরাফ খান দাবি করেছেন, দুই দিন আগে ‘মেয়র সাহেবের লোক’ পরিচয়ে চট্টগ্রামের আল আমিন মেডিকেলের সামনে থেকে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে।

চসিক জানিয়েছে, প্রতারণার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top