নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত সেই বল

ক্রীড়া ডেস্ক: ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে তোলা হচ্ছে। এই বল দিয়েই আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি করেছিলেন।

নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস জানিয়েছে, মেক্সিকো বিশ্বকাপের ওই ম্যাচে ব্যবহৃত বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকার সমান।

প্রতিষ্ঠানটি বলটিকে সংগ্রাহকদের জন্য ‘সবচেয়ে আকাঙ্ক্ষিত স্মারক’ হিসেবে বর্ণনা করেছে। তাদের ধারণা, ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সির মতোই এই বলটির দামও রেকর্ড গড়তে পারে। ওই জার্সিটি বিক্রি হয়েছিল ৯২ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা।

হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে বলেন, এই বলটি একেবারেই অনন্য একটি স্মারক এবং ফুটবল ইতিহাসে এর গুরুত্ব অসাধারণ। তবে সম্ভাব্য বিক্রিমূল্য নিয়ে নির্দিষ্ট কোনো ধারণা দিতে চাননি তিনি।

উল্লেখ্য, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হয়ে দুটি ঐতিহাসিক গোল করেন দিয়েগো ম্যারাডোনা। প্রথমটি ছিল বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, যেখানে হাত ব্যবহারের অভিযোগ ওঠে। দ্বিতীয়টি ছিল দুর্দান্ত একক প্রচেষ্টার গোল, যা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে খ্যাতি পায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top