রাঙ্গুনিয়ায় বনভূমি দখলের চেষ্টা, নির্মাণাধীন ঘর গুঁড়িয়ে দিল বন বিভাগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনভূমি অবৈধভাবে জবরদখল করে ঘর নির্মাণের চেষ্টা প্রতিহত করেছে বন বিভাগ।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পদুয়া এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটের পদুয়া হরিহর এলাকায় একটি প্রভাবশালী চক্র সংরক্ষিত বনভূমি দখল করে স্থায়ী ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বন বিভাগের বিট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘরটির কাজ বন্ধ করে দেওয়া হয় এবং সেটি ভেঙে ফেলা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় পাঁচ শতক সংরক্ষিত বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অবৈধ নির্মাণকাজ বন্ধ করা হয়েছে এবং নির্মাণাধীন ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, সরকারি বনভূমি দখল কিংবা সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top