সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মো. মহিউদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। যিনি স্থানীয় জামায়াত নেতা হিসেবে পরিচিত।
আজ শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের পশ্চিম এলাকার হাজী নেছার আহমেদের ছেলে। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে তিনি মোটরসাইকেলে করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। মহাসড়কে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে তার পেছনে থাকা মোটরসাইকেলটিও গতি কমায়। এ সময় পেছন থেকে আসা একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং মহিউদ্দিন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিএসবিএ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, ‘মহিউদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি নম্র ভদ্র হিসেবে এলাকায় সকলের কাছে বেশ পরিচিত ছিলেন’।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল রহমান বলেন, ট্রাক ও মাইক্রোবাসের মধ্যখানে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ





